সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

জিএম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদহ ব্রিজের কাছে ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের বড়বাজারে গুড়ের ব্যবসা করতেন।

নিহতের ছেলে মিলন দাস বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে তার বাবা প্রাতর্ভ্রমণে বের হন। সকাল ৬টার দিকে শাকদহ ব্রিজের কাছে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় ফুলতলা মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশের বিলের পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিলন দাস আরও বলেন, দুর্ঘটনার পর বাসচালক বাসটি ফেলে পালিয়ে যান।

পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে আছে। নিহত ব্যক্তির লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy