

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
২০১৮ সালে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে ‘আলোর দিশা’। গুটি গুটি পায়ে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সংগঠনটি আট বছর পূর্ণ করে নবম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার নানা সামাজিক ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাগর বিশ্বাস অনুভূতি প্রকাশ করে বলেন, এই তো সেদিন ১২ জন তরুণ মিলে শুরু করেছিলাম এই মানবিক পদযাত্রা। আজ তা নবম বছরে পদার্পণ করছে। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার ‘আলোর দিশা’ আজ আমাদের ‘আলোর দিশা’তে রূপান্তরিত হয়েছে। একজন প্রতিষ্ঠাতা হিসেবে এটাই আমার সবচেয়ে বড় গৌরব ও অর্জন।

তিনি আরও বলেন, আট বছরের পথচলায় এবারই প্রথম সংগঠনের পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ আয়োজনকে ঘিরে তিনি আনন্দ প্রকাশ করে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন বলেন, “আল্লাহ তায়ালার অশেষ রহমত যে, এই জীবনে ‘আলোর দিশা’ পরিবারের একজন সদস্য হতে পেরেছি। আট বছরে সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার রোগীর জীবন বাঁচাতে রক্তদান করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, অনাহারীর মুখে আহার তুলে দেওয়া, বস্ত্র বিতরণসহ বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, “সবার দোয়া ও সার্বিক সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি, সবাই পাশে থাকলে ‘আলোর দিশা’ মানবতার কল্যাণে আরও বহুদূর এগিয়ে যাবে।
সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও থাকছে দিনব্যাপী নানা আয়োজন। সকাল থেকে রক্তদান কর্মসূচি, অতিথি বরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশু শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় গ্রন্থ উপহার প্রদান এবং স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সন্ধ্যায় সাংগঠনিকভাবে কেক কাটা এবং রাতে ছিন্নমূল, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির উপদেষ্টা মো. লাবু তালুকদার।
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

















