গাইবান্ধায় সাইবার বুলিং ও গুজব প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা :
সাইবার বুলিং, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং সিভিল সার্জনের কার্যালয়ের ডা. মো. রফিকুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিজনেস কনসালটেন্ট ও মেন্টাল স্ট্রেইট ডেভেলপমেন্ট কোচ জেরিন হান্নান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এ. কে. এম. হেদায়েতুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক মো. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি শিক্ষার্থীদের জন্য নবনির্মিত কমন রুমের উদ্বোধন করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

এ সময় গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

ক্যাম্পেইনে সাইবার বুলিং প্রতিরোধ, গুজব ও অপতথ্য শনাক্ত ও যাচাই, অনলাইনে নিরাপদ আচরণ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে এবং গাইবান্ধা পৌরসভার বাস্তবায়নে এ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy