

সজীব খান :
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মোল্লা বাজার সংলগ্ন ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের উদ্যোগে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্র্যাক ও মাজারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় অসহায়, দরিদ্র ও চক্ষুসেবা প্রত্যাশী নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া ছানি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় মাত্র ৩ হাজার ৬০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী, বিএনপি নেতা মমিন হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিজি, যুবদল নেতা শাহ আলম সর্দার, মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রিন্তু খন্দকার, ছাত্রদল নেতা শান্ত গাজী ও হাবিব সর্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ ক্যাম্পে শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী ৩শত ৫০ এর অধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন।
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














