

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সাপের কামড়ে আক্রান্ত আট সপ্তাহের অন্তঃসত্ত্বা এক রোগীকে জরুরি বিভাগে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) দেয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু নাছের শাকিল এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের ২৩ বছর বয়সী ওই নারী বুধবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে আক্রান্ত হন। রাত ৯টায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুন নবী জুয়েল রোগীকে পরীক্ষা করেন। ওই সময় কামড়ের স্থান কালো ও ফোলা ছিল। পরে রোগীর মধ্যে পটসিস (Ptosis) ও ব্রোকেন নেক সাইনসহ সাপের বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়।
রাত আনুমানিক সাড়ে ৯টায় জরুরি বিভাগেই অ্যান্টি-স্নেক ভেনম দেয়া শুরু হয়। রোগীকে মোট ১০ ভায়াল অ্যান্টিভেনম দেয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল জানান, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করা গুরুত্বপূর্ণ। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে-কাটা রোগীকে জরুরি বিভাগে অ্যান্টিভেনম দেয়ার ঘটনা এটিই প্রথম।
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














