

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সফরমালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান আলী খানের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক ফিরোজ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট তাফাজ্জল হোসেন।
বক্তব্যের শুরুতেই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এডভোকেট তাফাজ্জল হোসেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানরা কখন, কোথায় এবং কী করছে—সেদিকে অভিভাবকদের নিয়মিত নজর রাখতে হবে। বর্তমানে কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে অনেক কিশোর-কিশোরী জড়িয়ে পড়ছে। এসব অপরাধ থেকে কোমলমতি সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একটি সন্তান দিনের অধিকাংশ সময় অভিভাবকদের সঙ্গেই থাকে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। তবে সন্তান যখন বিদ্যালয়ে আসে, তখন তার দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের ওপর। বিদ্যালয়ে অবস্থানকালে কোনো শিক্ষার্থী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে শিক্ষকরা সেই দায় এড়িয়ে যেতে পারেন না।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের বিষয়ে তিনি বলেন, সফরমালী উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আগামী দিনে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, “টেস্ট পরীক্ষায় কোনো ছাত্র-ছাত্রী অকৃতকার্য হলে তাকে এসএসসি পরীক্ষায় ফরম ফিলাপের সুযোগ দেওয়া হবে না।” শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, প্রাক্তন ছাত্র ও সমাজসেবক নুরে আলম খান, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কামাল হোসেন, অভিভাবক সদস্য সিস ফারহানা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক গাজী, হাবিবুর রহমান তালুকদার, পারভীন আক্তার এবং শিক্ষার্থী ফাহিম ভূঁইয়া।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














