

সজীব খান :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস নির্মাণের জন্য তিতার ভিটা এলাকায় ৪০ শতাংশ জমি দান করেছেন প্রকৌশলী ও দানবীর মো. বাসার পাটওয়ারী। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ব্যক্তিগত সম্পত্তি থেকে এ জমি দান করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বহড়ি বাজার এলাকায় জরাজীর্ণ ভবনে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিয়নের এক প্রান্তে পরিষদ ভবনটি অবস্থিত হওয়ায় দূরবর্তী এলাকার বাসিন্দাদের সরকারি সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিতার ভিটা এলাকাটি ইউনিয়নের তুলনামূলক কেন্দ্রীয় অবস্থানে হওয়ায় এখানে আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ভূমি অফিস নির্মাণ হলে ইউনিয়নের মানুষের জন্য সরকারি সেবা গ্রহণ সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, তিতার ভিটা থেকে পশ্চিমে ৭নং ওয়ার্ডের দূরত্ব আনুমানিক দুই কিলোমিটার, পূর্বে দেলদিয়া-আচঁলতলী এলাকার দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার, দক্ষিণে বহড়ি প্রায় আড়াই কিলোমিটার এবং উত্তরে নওগাঁ প্রায় দুই কিলোমিটার। ফলে আশপাশের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য জায়গাটি সহজে যোগাযোগযোগ্য। এবং জিরো পয়েন্টে রয়েছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট তিনটি ওয়ার্ডে প্রায় ২০ হাজারেরও বেশি ভোটার রয়েছেন। অপরদিকে বহড়ি এলাকায় বর্তমানে প্রায় ৬ হাজার ভোটার বসবাস করলেও সেখানে পুরো ইউনিয়নের পরিষদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ইউনিয়নের অন্য প্রান্তের বাসিন্দাদের পরিষদে যাতায়াতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রকৌশলী মো. বাসার পাটওয়ারী নিজের সম্পত্তি থেকে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের জন্য জমি দান করায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর কল্যাণে জমি দান করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।
এলাকাবাসী আশা করছেন, তিতার ভিটায় আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ভূমি অফিস নির্মিত হলে ৫নং উপাদী উত্তর ইউনিয়নের দীর্ঘদিনের সরকারি সেবা-সংক্রান্ত দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন। ইউনিয়নবাসী প্রকৌশলী মো. বাসার পাটওয়ারীর এই উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করার কথা জানিয়েছেন।
উপাদী উত্তর ইউপি ভূমি কর্মকর্তা সুমন পাল জানান, স্থায়ী কার্যালয় হলে জনগণের সেবার মান শতভাগ নিশ্চিত হবে, বর্তমানে আমরা ভাড়ায় রয়েছি, বাসার পাটওয়ারী যে উদ্যোগ নিয়েছে, তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৫ নং উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান আমার শহীদ প্রধানীয় বলেন, তিতার ভিটায় উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের জন্য প্রকৌশলী মোঃ বাসার পাটওয়ারী ৪০ শতাংশ জমি দান করেছেন, এখানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ভূমি অফিস হলে ইউনিয়নবাসীর চরম উপকারে আসবে, দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে,ইতিমধ্যে ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ভূমি অফিস করার জন্য সকল কিছু প্রক্রিয়াধীন রয়েছে, আশা রাখি দ্রুত কাজ শুরু হবে।
উল্লেখ্য বাসার পাটওয়ারী,নিজস্ব সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ভূমি অফিস, গণ কবরস্থান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট,ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, এবং মতলবে সরকারিভাবে স্টেডিয়াম করার জন্য জমি দান করেছেন। বর্তমান এ যুগে এত সম্প্রতি দান করা ব্যক্তি খুঁজে পাওয়া আসলেই বিরল ইতিহাস।
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














