

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে অভ্যন্তরীণ অডিট নেই ৬বছর। ২০২০ সালের পর থেকে অভ্যন্তরীণ কোন অডিট কার্যক্রম পরিচালিত না হওয়ায় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে নিয়মিত অডিট না হওয়ায় কলেজ ও হাসপাতালের আয়-ব্যয়, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২০ সালের পর থেকে চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালে অভ্যন্তরীণ অডিট কার্যক্রম পরিচালিত হয়নি। তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কর্তৃক বার্ষিক অডিট করানো হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী অডিটের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী প্রতিবেদন তৈরি করা হয়। এতে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের প্রকৃত চিত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, নিয়মিত অডিটের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়, ব্যাংক হিসাব, বেতন-ভাতা, বিভিন্ন খাতে অর্থের ব্যবহার, ক্রয়-বিক্রয় এবং অন্যান্য আর্থিক লেনদেনের হিসাব পর্যালোচনা করা প্রয়োজন। কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে নিয়মিত অডিট কার্যক্রম না থাকায় এসব বিষয় যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, নিয়মিত ও নিরপেক্ষ অডিট না হওয়ার কারণে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আর্থিক কার্যক্রমের নিয়মিত পর্যালোচনা না হলে অনিয়ম বা অসংগতির বিষয়গুলো সময়মতো চিহ্নিত করা কঠিন হতে পারে।
একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিত অডিট, হিসাব সংরক্ষণ এবং আর্থিক লেনদেনের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত অডিট কার্যক্রম চালু করা, পূর্ববর্তী অডিট প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন এবং আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
অভ্যন্তরীণ অডিট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সিএ ধারা অডিট করার কোন সুযোগ নেই সংশ্লিষ্ট অনেকেই জানান, কলেজের সাথে সংশ্লিষ্ট কয়েক জন দুর্নীতির কারণে অভ্যন্তরীণ অডিট করতে চায় না, এমনটা অভিযোগ রয়েছে। একজন উচ্চ কর্মকর্তার মাধ্যমে অডিট প্রয়োজন বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬














