

শাহমাহমুদপুরে আসন্ন ইউপি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং দলীয় নির্দেশনা মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা মোতাবেক দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা স্বপন মাহমুদ দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজেকে একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূলের রাজনীতি থেকে ধীরে ধীরে নেতৃত্বের পর্যায়ে উঠে আসা এই নেতা জনসমর্থন ও ভালোবাসায় পরপর দুইবার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সফলতার সঙ্গে দুই মেয়াদে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা স্বপন মাহমুদ বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দলীয় পদ ছেড়ে দেওয়ার বিষয়ে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দলের প্রতি আনুগত্যের পরিচয় দিয়ে সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্বপন মাহমুদ।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ইউনিয়নজুড়ে রয়েছে নানা আলোচনা-পর্যালোচনা। জনপ্রতিনিধি হিসেবে তার ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্বপন মাহমুদের এই পদত্যাগ নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন ও ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের চেয়ে সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তার সমর্থকদের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি করতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এখন দেখার বিষয়, দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কের মূল্যায়নে আসন্ন নির্বাচনে শাহমাহমুদপুর ইউনিয়নবাসী তাকে নতুন করে কতটা গুরুত্ব দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠে তার অবস্থান কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত।
প্রকাশিত: শনি বার, ৩১ অক্টোবর ২০২৬ খ্রি.














