

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে তৃণমূল পর্যায়ের খুদে ক্রীড়াবিদদের প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ (সিজন-২)-এর ইউনিয়ন পর্যায়ে দল গঠনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে, হরিরামপুর ইউনিয়ন পরিষদের পরিচালনায় এবং দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
বাছাইপর্বে শিক্ষার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এ সময় বড়তারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ, দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথ, ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজক ও অতিথিরা বলেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে। শিশু-কিশোরদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
তাঁরা আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সহনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শুরু হওয়া ইউনিয়ন পর্যায়ের এ কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.














