

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিদিন রাতে খাওয়াদাওয়ার পর ঘুমাতে না গিয়ে বরং কিছুটা পথ হাঁটাহাঁটি করা উচিত। এতে যেমন স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি ডায়াবেটিসের মতো একটি রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখতে হবে।
বিশ্ব ডায়াবেটিস দিবসে ম্যারাথন দৌড়ের আয়োজন করায় আয়োজক প্রতিষ্ঠান শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ ধরনের আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে দৌড় শেষ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
এ সময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.














