চাঁদপুরের শাহরাস্তিতে ইউনিক টাওয়ারের উদ্বোধন

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ১১তলা বিশিষ্ট আধুনিক বাণিজ্যিক ও আবাসিক ভবন ‘ইউনিক টাওয়ার’র শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারে মডেল স্কুল সংলগ্ন নবনির্মিত এ ভবনটির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

ইউনিক টাওয়ারের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিক টাওয়ারের মতো আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান শাহরাস্তির অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে সততা, ন্যায়নীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশাহ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ইব্রাহীম খলিল, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজী, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, ফয়সাল ব্রিকসের স্বত্বাধিকারী আলহাজ্ব মহিন উদ্দিন ও মাস্টার জহিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ তলা বিশিষ্ট ইউনিক টাওয়ারের নিচের দুই তলা বাণিজ্যিক মার্কেট হিসেবে ব্যবহৃত হবে। বাকি ৯ তলা আবাসিক ভবন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফলে একই ভবনে বাণিজ্যিক ও আবাসিক সুবিধার সমন্বয় করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক অবকাঠামো সমৃদ্ধ এ স্থাপনা চালু হওয়ায় ঠাকুর বাজার এলাকায় ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ইউনিক টাওয়ারের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy