ঠাকুরগাঁওয়ে হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে ১ যুবকের মৃত্যু

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামে বিষাক্ত সাপের কামড়ে রবিউল ইসলাম রবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিজ জমির আইলে ঘাস কাটছিলেন রবিউল। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রথমে তিনি বিষয়টিকে ইঁদুরের কামড় ভেবে আবারো ঘাস কাটতে থাকেন। তবে কিছুক্ষণ পর শরীর খারাপ লাগতে শুরু করলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

অপ্রত্যাশিত এ ঘটনায় পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারকে সান্ত্বনা জানাতে বাড়িতে ছুটে যান।

চিকিৎসকরা জানান, সাপে কামড়ালে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি। পাশাপাশি সাপের কামড় প্রতিরোধে গ্রামীণ জনপদে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন তারা।

শেয়ার করুন
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

You might like