গাজীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

 

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের নলজানী এলাকায় যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী আফজাল হোসেন পলাতক রয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) দুপুরে চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন নিহতের বড় ভাই।

অভিযুক্তরা হলেন- জয়দেবপুর থানার নলজানী এলাকার মো.ফজলুল হক (৫৫), তার ছেলে গৃহবধূর স্বামী মো.আফজাল হোসেন (২৪), আরেক ছেলে মো.আক্তার হোসেন (৩৩) ও তার স্ত্রী মোসা.হেনা আক্তার (৫১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আফজাল-রাবেয়ার বিয়ে হয়। তার পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাকে নির্যাতন করে আসছিল। বাধ্য হয়ে এক বছর আগে ২ লাখ টাকার আসবাব পত্র দেয় রাবেয়ার ভাই। তারপরও আরো ৩ লাখ টাকার জন্য বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল।

রাবেয়ার বাবার পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন। সব কিছুর পরও গেল রাতে ঝগড়ার এক পর্যায়ে স্বামী আজফাল স্ত্রীকে বেধম পিটিয়ে আহত করে।

পরে দীর্ঘক্ষণ জ্ঞান না ফেরায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম প্রিয় সময়কে বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।’

You might like