
ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিধবা নারীর মা হওয়ার ঘটনা নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়কের পাশে সন্তান প্রসবের এই ঘটনা ঘটে।
তবে ওই নবজাতকের জন্মদাতা লাপাত্তা রয়েছে বলে স্থানীয়রা জানান। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামে আলোচিত এই ঘটনা ঘটে।


জানা গেছে, ঈদের পরের দিন রোববার বিকেলে ওই নারীর প্রসববেদনা শুরু হলে স্বজনরা নিকটস্থ এক স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই পথে কন্যাসন্তান প্রসব করেন তিনি।
প্রসূতি ওই বিধবা নারী (২৪) জানান, গত দুই বছর আগে তার স্বামী মারা যান। তারপর পাশের চান্দ্রা বাজারের সুমন (৩০) নামে এক যুবকের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘনিষ্ঠতা বেড়ে গেলে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক হয়। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সুমন নামে ওই যুবক কেটে পড়ে।
স্থানীয় স্বাস্থ্যকর্মী আনিছুর রহমান জানান, প্রসূতি মা ও নবজাতক সুস্থ রয়েছে। তিনি জানান, তার স্বাস্থ্য কেন্দ্রে আসার পথে সড়কের পাশেই তার সন্তান প্রসব হয়। পরে প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
এদিকে, বিধবা ওই নারীর মা, তার মেয়ের এমন সর্বনাশের জন্য দায়ী যুবক সুমনের শাস্তি দাবি করেন।

অন্যদিকে, এলাকাবাসী এই ঘটনার জন্য দায়ী সুমনকে খুঁজে বের করতে জনপ্রতিনিধি ও পুলিশের কাছে অনুরোধ জানিয়েছে। এদিকে বিধবা নারীর সন্তান প্রসবের ঘটনায় পুরো এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সন্তানটি পিতৃপরিচয় দ্রুত উদঘাটন করে এর বিচার দাবী করেন।











