ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক স্কুল ভবনের বারান্দায় জুয়ার আসর

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ কসবা উপজেলাধীন ২নং মেহারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত বাহারআটা ও পুকুরপাড় ডাঃ আব্দুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবনের বারান্দায় করোনাভাইরাসের জন্য সরকার কর্তৃক ঘোষিত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শিক্ষাদান কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিনই চলছে জুয়া খেলা।

খোজ নিয়ে জানা যায় যে, জুয়াড়িরা ওই গ্রামের ও প্রতিবেশী গ্রামের বাসিন্দা। স্থানীয় কিছু যুবকদের থেকে জানা যায় যে, স্কুলের বারান্দায় শুধু জুয়া খেলাই সীমাবদ্ধ নয়, সেই সাথে চলে ধূমপান, মদ এবং গাঁজার মতো নেশাজাতীয় দ্রব্যাদি সেবনও।

এছাড়াও স্থানীয় কৃষকরা তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী স্কুলের মাঠ ব্যবহার করে থাকে প্রতিনিয়তই এমন অভিযোগও পাওয়া গেছে। কেউ বাধা দিতে গেলে উপর্যপুরি তাকে হুমকি-ধমক প্রদান করা হয়।

এমতাবস্থায় গ্রামের সচেতন নাগরিকরা অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। যাতে করে স্কুলের বারান্দায় প্রতিনিয়ত চলমান জুয়া, ধূমপান, মদ ও গাজা সেবন বন্ধ হয়। সেই সাথে যেন দোষীদের বিরোদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

প্রকাশিত : ২০ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ০৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ জ্বিলহজ্ব ১৪৪১ হিজরি, বৃহস্পতিবার

You might like