নিচু মন-মানসিকতার হাসপাতালের মালিক ও ডাক্তারদের ঘৃণা জানাই

মৃত রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড!

সম্পাদকীয় …

মানুষ টাকা খরচ করে চিকিৎসার জন্যে হাসপাতালে যায়, সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে। আর সেখানে গিয়ে যখন ভুল চিকিৎসায় বা অপচিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে স্বভাবতই তা মনের মুকুরে তিলে তিলে কষ্টদহনে নিঃশেষ করে। প্রশ্ন জাগে, টাকা খরচ করে হাসপাতালে এলাম কি মৃত্যুর জন্যে, তাহলে তো ঘরে বসেই মৃত্যুই ভালো ছিলো!

এমনই পর পর ক’টি ঘটনা আমাদের বিবেককে নাড়া দেয়, কষ্ট দহনে তীব্রতর করে তোলে যাতনা।

১২ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের রাবেয়া হাসপাতালে একটি ঘটনা ঘটে। সেখানে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মুক্তা নামের ওই প্রসূতিকে ভর্তি করা হয়। মুক্তার স্বামী শিমুল হোসেন জানান, প্রসব বেদনা শুরু হওয়ার পর সিজারের জন্য ঝিনাইদহ শহরের রাবেয়া হাসপাতালে দুপুরে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, অপারেশন থিয়েটারে তার স্ত্রীর অক্সিজেন খুলে দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এরপর সন্ধ্যায় ক্লিনিক কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে রোগীকে কুষ্টিয়ায় নিয়ে যেতে বলেন। তারা কুষ্টিয়ায় নিতে রাজি না হলে জোর করেই ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত অবস্থায় পাঠিয়ে দেন।

এ ঘটনায় ওই হাসপাতালের মালিক সোহেল রানাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের রাবেয়া হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের স্বজনরা হাসপাতাল ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই প্রসূতিকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সিজারিয়ান ডাক্তার সাজ্জাদ রোহিণীকে এ ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্ধ্যায় আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ওই হাসপাতালে মালিক সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

এ ধরনের নিচু মন-মানসিকতার জন্যে আমরা এসব হাসপাতালের মালিক ও ডাক্তারদের প্রতি ঘৃণা জানাই। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদের প্রতি আমাদের রইলো আজীবনের ঘৃণা।

আমরা আশা করবো, বিষয়টি আইন পদক্ষেপ নিয়ে ভুক্তভোগীর পরিবারের প্রতি সুবিচার করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার প্রতি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ১১:৫৫ এএম

১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like