

নিজস্ব প্রতিনিধি :
রায়ের ১৬ বছর পর নিজাম উদ্দিন (৬৮) নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন এবং পরবর্তীতে ২০০৬ সালে আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে।

সাজা হওয়ার পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ছেড়ে ছদ্মবেশ ধারণ করে নিজেকে ‘তান্ত্রিক’ পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দেয়।
পুলিশ আরও জানায়, ওই আসামি এতোদিন কবিরাজি, তন্ত্র মন্ত্র ও আধ্যাত্মিক চিকিৎসা প্রদান করে আসছিল। তিনি তার শশুর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ‘ভন্ড পাগল’ পরিচয়ে ব্যাপক পরিচিত হয়ে উঠে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, নিজামউদ্দিনকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে খোঁজ নিয়ে তার অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।










