

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
দোহারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১৫৪ জন কৃতি শিক্ষার্থীকে জিপিএ-৫ প্রাপ্তির জন্য সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয়তাবাদী আলোকিত ফোরাম। শনিবার, ২৩ আগস্ট দোহারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন, যিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
বক্তারা বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, দেশের নেতৃত্বে তারা এগিয়ে যাবে।” তারা শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিকতায় গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা, যেমন: মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু তালেব শিকদার, পিজি হাসপাতালের গবেষক ডা. কাজী মাহাবুর রহমান, রবিন টেক্স গ্রুপের ড. ইঞ্জি. মাহমুদ মঞ্জুরুল আলম শামীম এবং শিক্ষাবিদ মোহাম্মদ ফরিদ হোসেন।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
সার্বিক সহযোগিতায় ছিলেন: হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান, মশিউর রহমান মাখন এবং লিমন হোসেন আজিজ।
শনিবার, ২৩ আগস্ট ২০২৫













