
ক্ষুদীরাম দাস :
প্রিয় সময়ে প্রকাশিত সংবাদ ‘সবজির বাজারে উত্তাপ, মুরগির দাম আরও বাড়লো’ শিরোনাম পড়ে চমকে উঠলাম। দীঘশ্বাস ছেড়ে আমার মতামত দিতে বাধ্য হলাম। হয়তো অন্যদেরও একই মতামত থাকতে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। সবজির বাজারে আগুন, মুরগির দাম ২০০ টাকা ছুঁই ছুঁই, আর চালের দামও আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা কীভাবে সংসার চালাবে, সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।

একদিকে যখন সীমিত আয়ে জীবন চলে, তখন অন্যদিকে বাজার থেকে শুরু করে সবকিছুতেই দামের উত্তাপ। শুধু আলু আর পেঁপে ছাড়া অন্য কোনো সবজি ৭০/৮০ টাকার নিচে পাওয়াই যাচ্ছে না। ডিমের দাম সামান্য কমলেও তা’ যথেষ্ট স্বস্তি দিচ্ছে না। এ অবস্থায় অনেকেই বলছেন, শাক-সবজি, মাছ-মাংস কেনা এখন যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
সরবরাহ বাড়লে বা দাম স্বাভাবিক হয়ে এলে পরিস্থিতি কিছুটা হয়তো ভালো হবে, কিন্তু তার আগ পর্যন্ত এ কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজর দেয়া অত্যন্ত জরুরি। এ কঠিন সময়ে আমাদের মতো সাধারণ মানুষের একটাই প্রশ্ন, “বাঁচবো কী করে?”
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫













