সাধারণ আমি

-যুবক অনার্য

আমার ভেতরে আরেক আমি আছে
আমি তাকাই ডানে ভিতরের সে তাকায় বামে
আমি যা ভিতরের সে তা নয় কিংবা আমি তা নই
যা কিনা অই ভেতরের সে-
চিরদিন আমি আর অন্য আমি নিয়ে বিশ্লেষণ
মোটামুটি এরকম।

আমি আর ভেতরের আমি এক হবার জন্যই নাকি যতরকম সাধনা;
আমি সেই সাধনা থেকে বহুবর্ষ দূরের কেউ একজন। এই আমি কিংবা  সেই  আমি খুব সাধারণ
ছাপোষা  মানুষ।
অসাধরণ হবার কোনো ইচ্ছে আমার নেই,
নেই যোগ্যতাও;
তবে সত্য যে সাধারণ একটি জীবনও
আমার কাম্য নয়।

আমার সেই কাম্য জীবনটি তবে কেমন- অসাধারণ? – না, তাও নয়।
সাধারণ ও অসাধারণ এর বাইরে সেই জীবনটি
সম্ভবত এরকম- আমি যখন সুখ অনুভব করি
কারণে কিংবা অকারণে আমি চাই
পৃথিবীর সকলেই সুখী হোক
যখন দুঃখী অনুভব করি আমি চাই
কেউ আমার মতো দুঃখী না হোক;

ভাবি- ভাতের সংগে তরকারি না হোক
গলায় যেনো আটকে না যায়
সেজন্য এক গ্লাস জলের প্লাবন
আর ভাবি জীবনের অপর নাম হোক- প্রেম
কিংবা ভালোবাসা,

মৃত্যুর অন্য নাম হোক -জীবন।

২৯ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like