তাবিজ

বিপুল চন্দ্র রায়:

 

যখন হৃদয়ে জাগে হিংসার অনল,

গোপনে রচে সে পরের ক্ষতির কুশল।

ভিটেমাটি কেড়ে নিতে হানে কূট বাণ,

অমঙ্গল খুঁজে ফেরে, মন্ত্রে বাঁধা স্থান।

মুখেতে হাসি, অন্তরে বিষের জ্বালা,

পথভ্রষ্ট করার লাগি ধরে কুটিল মালা।

ঈর্ষার আগুনে দগ্ধ, শান্তি তার দূরে,

পরের সুখেও যেন মন হিংসাতে ঘুরে।

তবুও প্রয়োজন পড়ে নিরাপদ ছায়া,

যা রুখে দাঁড়াবে সকল অশুভের মায়া।

এই হাতে পরি না কোনো ধাতুর মাদুলী,

গলে জড়াই না কোনো মন্ত্রপুত সুতো ভুলি।

আমার একমাত্র ভরসা তাঁর নাম খানি,

যিনি দেন জ্ঞান-আলো, আর সদা দেন বাণী।

আমার ঈশ্বর আছেন, নিরাপত্তা যাঁর দান,

তিনিই বিশ্ব-বিধাতা, তিনিই মহৎ প্রাণ।

০৪  ডিসেম্বর ২০২৫

You might like