প্রান্তিক সিনেমা হল লি. ও দৈনিক মেহেরপুর পত্রিকার প্রকাশক অ্যাড. আব্দুল হামিদ খানের মৃত্যুবার্ষিকী

মেহেরপুর প্রতিনিধি:
প্রান্তিক সিনেমা হল লিমিটেড ও দৈনিক মেহেরপুর পত্রিকা-র প্রকাশক, প্রবীণ আইনজীবী এবং সমাজসেবক মরহুম এডভোকেট আব্দুল হামিদ খানের আজ শুক্রবার (১২ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।

মরহুম এডভোকেট আব্দুল হামিদ খান মেহেরপুর অঞ্চলের আইনাঙ্গনে একজন সম্মানিত ও সৎ আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংবাদপত্র প্রকাশনায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর প্রতিষ্ঠিত প্রান্তিক সিনেমা হল লিমিটেড এলাকায় বিনোদন অঙ্গনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে দৈনিক মেহেরপুর পত্রিকা প্রকাশনার মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতা ও জনস্বার্থমূলক তথ্যপ্রবাহে রেখেছেন বিশেষ অবদান।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। তিনি হীরক খানের পিতা।

মরহুমের সহযোগী আইনজীবী, সাংস্কৃতিককর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ বলেছেন—এডভোকেট আব্দুল হামিদ খান ছিলেন ন্যায়নিষ্ঠ, সৎ ও মানবিক চরিত্রের অধিকারী। তাঁর মৃত্যুতে মেহেরপুরবাসী এক নিবেদিতপ্রাণ ব্যক্তি এবং সমাজের আলোকবর্তিকাকে হারিয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনও মরহুমের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

You might like