ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য।

শুক্রবার (১৯ ডিসেম্বর ) বিকেলে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান কিরণ, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণ অধিকার পরিষদের রোকনুজ্জামান, জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
বক্তারা আরও জানান, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। এ বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসেবে অনুষ্ঠিত। বক্তারা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

You might like