

চাঁদপুর প্রতিনিধি
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য জানিয়েছেন।
নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “একজন নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে অনেককে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।”
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা বাবু লাল বৈদ্য বলেন, “বরিশাল-ভোলা থেকে ঢাকা রুটে চলাচলকারী ‘এমভি জাকির সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ নামের দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর একটি লঞ্চ ঢাকা অভিমুখে চলে যায়।
“সংঘর্ষে গুরুতর আহত দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই লঞ্চের ভেতর মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মোহনপুর এলাকায় মৃত্যু হয়।”
দুর্ঘটনা কবলিত দুটি লঞ্চ ও নিহত দুজনের লাশ ঢাকার সদরঘাটে রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫















