

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুর – ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই রুটে চলাচলকারী একটি বাস সার্ভিস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পদ্মা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, আল আরাফাহ লিমিটেড এর কোন বৈধ রুট পারমিট নেই। চাঁদপুরে কোন যাত্রি বহন করতে পারবে না কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার দাপটে রাজনৈতিক নেতা কর্মীদের ব্যবহার করে তাদের সার্ভিস টিকিয়ে রেখেছিল। বর্তমানেও তারা একই কায়দায় অবৈধ বাস সার্ভিস চালু রেখেছে। এমনকি তাদের টার্মিনাল ও কাউন্টার স্থাপনের বৈধ কোন অনুমতি নেই। এতে করে প্রায় ২৫ বছরের ঐতিহ্যবাহী পদ্মা বাস সার্ভিস ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে।
পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক সুমন মিজি ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হলে আমরা পরিবহন বন্ধ করে দিবো। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, পরিবহন নেতা সফিকুর রহমান, মোহাম্মদ সুমন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, আব্দুর রশিদ, নূরে আলম, দেলোয়ার হোসেন, আ. রশিদ প্রমুখ।
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫















