

বিশেষ প্রতিনিধি:
গত ৮ ফেব্রুয়ারি (রবিবার) আনুমানিক রাত ৮টার সময় নওগাঁর মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সভাপতির ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতের উদ্যোগে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মান্দা উপজেলা যুববিভাগের সভাপতি আব্দুল মালেক। তিনি বলেন, “চোরা গুপ্ত হামলা করে পরাজয় ঠেকানো যাবে না। এ ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমিয়ে রাখা সম্ভব নয়।” তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ডা. খোরশেদ আলম, ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রাজ্জাক, সাবেক আমীর আব্দুল জলিল, সাবেক আমীর আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, আবুল হোসেন, আকতার হোসেন, মিজানুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আহত ওয়ার্ড সভাপতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
জামায়াত নেতারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.














