

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
রমজান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা।

বিভিন্ন মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের দোকান-আউটলেট এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার।শনিবার (১৫মার্চ) সন্ধ্যার পরে সরেজমিনে পঞ্চগড়ের বেশ কয়েকটি ছোট বড় মার্কেট সহ -ফুটপাত ঘুরে দেখা যায়, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ছিট কাপড়, জুতা-স্যান্ডেল ও প্রসাধনী সামগ্রীর দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। পোশাকের দোকানগুলোতে ঈদ উপলক্ষে পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি, টিশার্ট, নারীদের জন্য বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস, কুর্তা এবং বাচ্চা ও শিশুদের পায়জামা-পাঞ্জাবি, ফ্রকসহ আধুনিক ডিজাইনের পোশাক বিক্রি হচ্ছে। একইসঙ্গে কসমেটিকস, জুতা, ঘর সাজানোর সামগ্রী এবং গহনার দোকানগুলোতেও ভিড় করছেন মানুষজন।
অন্যান্য বছরগুলোতে রোজার সময় বিকেলে কিংবা সন্ধ্যার পর থেকে মার্কেটগুলোতে কেনাকাটার জন্য মানুষজনের উপস্থিতি দেখা গেলেও এ বছর দুপুরের আগে থেকেই মানুষজন কেনাকাটার জন্য মার্কেট- ফুটপাতে ভিড় করছেন। এতে করে আগেভাগেই ঈদের বাজারে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।ক্রেতারা জানিয়েছেন দাম বাড়লেও তাঁরা এবার কেনাকাটায় কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বিক্রেতারা মনে করছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে ঈদের আগে বেচাকেনা আরও চাঙা হবে।
প্রকাশিত : রোববার, ১৫ মার্চ ২০২৬ খ্রি.
















