

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা ও একটি বালুভর্তি ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল বগুড়া সদর থানার আওতাধীন বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ” মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এসময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকটির চালক মো. রবিউল ইসলাম (২৫), পিতা—মো. মামুন আকন্দ, সাং—কৃষ্ণপুর, থানা—ফুলবাড়ী, জেলা—দিনাজপুরকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে বালির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকসহ উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 6

















