

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় অবৈধ ভাবে দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া সহ উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় নির্মিত ৩৫টি দোকান আজ উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এ ধরনের অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, আমরা উদ্যোগ নিয়েছি। সওজের জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সবগুলোই দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬ খ্রি.














