

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল)’ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালী বাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মিথ্যা চিকিৎসক পরিচয়ে ফার্মেসিতে বসে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ‘নিউ মা ফার্মেসি’কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ফার্মেসির মালিক প্রভাত সুদ্রধরের সহযোগিতায় ডা. মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক ‘মরিয়াম বেগম’ নামের এক নারীর ভাঙা হাড়ে প্লাস্টার করেন। জরিমানার পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ওষুধ ও প্লাস্টারের খরচ বাবদ ২,৭০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয় এবং তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে কাশ্মিরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে ১০,০০০ টাকা এবং মিষ্টিতে পোকা পাওয়া ও যথাযথ সংরক্ষণ না করায় ‘কৃষ্টি ক্যাফে মিষ্টি’কে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.














