আমি মাদকাসক্তকে ভালোবাসি

ক্ষুদীরাম দাস

আমি মাদকাসক্তকে ভালোবাসি, মাদককে নয়,
আমি জানি ওর বুকের ভেতর লুকিয়ে আছে এক চরম ভয়|
যে মানুষটা এককালে হাসতো প্রাণ খুলে,
সে আজ কেন হারিয়ে গেছে অন্ধকারের কূলে?

আমি ভালোবাসি ওর সেই ফেলে আসা চেনা রূপ,
যে আজ বিষণ্নতার অতল গহ্বরে হয়ে আছে চুপ|
লাল চোখের আড়ালে আমি ওর ভেজা চোখ দেখি,
সমাজ যাকে অপরাধী বলে, আমি কি তাকে ফেলে রাখি?

আমি ভালোবাসি ওর হারিয়ে যাওয়া সেই রঙিন মন,
যাকে তিলে তিলে গ্রাস করছে বিষাক্ত এক জীবন|
সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, গালমন্দ করে দূর ছাই,
আমি তখনো ওর ভাঙা হাতটা শক্ত করে ধরে রাখতে চাই|

আমি ভালোবাসি বলেই ওর এই মরণখেলা সইতে পারি না,
ওকে নরক থেকে না ফিরিয়ে আমি তো দমে যাবো না|
ভালোবাসার তীব্র আলোয় কাটাতে চাই ওর কালো রাত,
আমি জানি ও ফিরবেই, ছুঁয়ে আমার ভরসার হাত|

এই ভালোবাসাই একদিন ওর ভেতরের মানুষটাকে জাগাবে,
নেশার মায়াজাল ছিঁড়ে ও আবার জীবনের গান গাইবে|
ও কোনো ফেলনা বস্তু নয়, ও তো আমারই এক আপনজন,
ওকে ভালোবেসে আলোয় ফেরানোই আমার আজীবনের পণ|

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

 

 

You might like

About the Author: priyoshomoy