ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

মাফিকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দাইনুর বিওপি, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও তপসী স্থায়ী পোস্ট পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে দেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like