বেতন বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে বোচাগঞ্জে হারকম শ্রমিকদের বিক্ষোভ

মাফিকুল, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রপ্তানিমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হারকম-এর শতাধিক শ্রমিক বেতন বৃদ্ধি, ওভারটাইম সুবিধা নিশ্চিতকরণ এবং মজুরি বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় অবস্থিত কারখানার সামনে থেকে নারী-পুরুষ শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপিও জমা দেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা কার্পেট, মাদুর, পাপোষসহ বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করে আসছেন, যা শতভাগ বিদেশে রপ্তানি হয়। অথচ উৎপাদনের তুলনায় তাদের বেতন অত্যন্ত কম এবং একই ধরনের কাজ করেও বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে উল্লেখযোগ্য বেতন বৈষম্য রয়েছে।

শ্রমিকদের দাবি, সেতাবগঞ্জে একই কাজ করে একজন শ্রমিক মাসে প্রায় ৫ হাজার টাকা বেতন পেলেও রংপুরে একই ধরনের কাজে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এছাড়া নতুন শ্রমিকদের মাসিক বেতন মাত্র ৩ হাজার টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তারা ন্যায্য মজুরি, ওভারটাইম ভাতা এবং বৈষম্য দূর করার দাবি জানান।

কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বেতন বৃদ্ধির দাবি তুললেই চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বেতন আটকে রাখার ঘটনাও ঘটে। স্থানীয় শ্রমিকরা আন্দোলনে গেলে বাইরে থেকে শ্রমিক এনে কাজ চালানোর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্য জানতে সাংবাদিকরা হারকম কারখানায় গেলে নিরাপত্তা সুপারভাইজার মো. ইয়াসিন আলী জানান, এ বিষয়ে কথা বলার মতো কোনো দায়িত্বশীল কর্মকর্তা কারখানায় উপস্থিত নেই। ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক লাকু কারখানা ত্যাগ করেছেন। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রমিকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসন ও শ্রম অধিদপ্তরের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like