

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন সড়কের দীর্ঘদিনের খানাখন্দ ও ভাঙাচোরা অংশ মেরামতের উদ্যোগ নিয়েছেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল বাসার। তাঁর এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালু ও খোয়া ফেলে মেরামতের কাজ শুরু করেন বিএনপি নেতা খাইরুল বাসার। তিনি জানান, জনগণের কষ্ট লাঘব করাই তাঁর মূল লক্ষ্য। সরকারি সংস্কার কাজ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে হলেও চলাচলের উপযোগী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দারা খাইরুল বাসারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কারের অপেক্ষায় ছিল। তাঁর উদ্যোগে অন্তত সাধারণ মানুষের চলাচলের কিছুটা সুবিধা হবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কগুলোর স্থায়ী সংস্কারের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এ সময় খাইরুল বাসার বলেন, “জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। জনগণের দুর্ভোগ কমাতে সাময়িকভাবে হলেও সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের আহ্বান জানাই।

















