হাজীগঞ্জে বৃদ্ধা ও গৃহবধূকে গৃহবন্দি রাখার অভিযোগ

জহিরুল ইসলাম জয় :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ফুলচোঁয়া (হাজীবাড়ী) এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ১৪ জুলাই রাত থেকে এক গৃহবধূ ও তার বৃদ্ধা শাশুড়িকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসা. মরিয়ম আক্তার (৩৬)।

অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাত থেকে বসতবাড়ির গেটে তালা লাগিয়ে তাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার হাজীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম আক্তারের স্বামী সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে দেবর, জা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে।

এ অভিযোগের সূত্র ধরে মরিয়ম আক্তার আরও দাবি করেন, এর আগেও ২০২৫ সালের ২৬ মার্চ একই বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে তাকে মারধর করে। একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা, প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ওই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী গৃহবধূ মরিয়ম আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে আমাদের ওপর নানা ধরনের নির্যাতন চলছে। গত ১৪ জুলাই রাত থেকে আমাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কার্যত ঘরবন্দি অবস্থায় আছি। কয়েকবার থানায় অভিযোগ করেছি। আমি ও আমার শাশুড়ি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

ভুক্তভোগীর শাশুড়ি রাবেয়া বেগম বলেন, “আমি একজন বৃদ্ধ মানুষ। আমার ছেলেদের পারিবারিক বিরোধের কারণে আমাকে কষ্ট পেতে হচ্ছে। আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না। আমি চাই, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক।”

এ ঘটনায় আহম্মদ হোসেন, রহিমা আক্তার (সুমি), নাজমা বেগম ও মর্জিনা (তানজিনা) আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা ,তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক বিরোধ চলছে। মরিয়ম ও তার স্বামী আমাদের ঘর দখলের পাঁয়তারা করে আসছে। তারা বিভিন্ন জায়গায় বিচার দেয়, কিন্তু পরে উপস্থিত হয় না। আমরা কাউকে গৃহবন্দি করিনি। নিরাপত্তার স্বার্থে শুধু বাড়ির মূল গেটে তালা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like