

সজীব খান :
দীর্ঘদিন পর চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম বকাউল। জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর (স্থানীয় সরকার শাখা) থেকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে ইউনিয়ন পরিষদে চিঠি পাঠানো হয়।

বুধবার (১৬ জুলাই) গ্রাম আদালতের প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, বিএনপি নেতা লতিফ সরকার ও মো. শহিদ উল্ল্যাহ গাজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সর্দার।
গ্রাম আদালতের দায়িত্ব পাওয়ায় সেলিম বকাউল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে জারি করা পত্রের অনুলিপি পুলিশ সুপার, চাঁদপুর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর সদর; ইউনিয়ন পরিষদ (সকল), চাঁদপুর সদর; ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত, চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এছাড়া সচিব, স্থানীয় সরকার বিভাগ; কমিশনার, চট্টগ্রাম বিভাগ; পরিচালক, স্থানীয় সরকার; সহকারী কমিশনার (গোপনীয় শাখা), চাঁদপুর এবং জেলা প্রশাসকের সদয় অবগতির জন্যও অনুলিপি পাঠানো হয়েছে।
নবনিযুক্ত গ্রাম আদালতের চেয়ারম্যান সেলিম বকাউল বলেন, “এখন থেকে কল্যাণপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ ও মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হবে। নির্ধারিত প্রক্রিয়ায় শুনানির মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম সফল করতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, বিধি মোতাবেক প্রতি সপ্তাহের বুধবার সকাল ১১টায় কল্যাণপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতের শুনানি অনুষ্ঠিত হবে।
স্থানীয়দের মতে, গ্রাম আদালতের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও কম খরচে নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ হবে।

















