ডাকাতির নাটক! নিজেই গলা টিপে হত্যা করেছে মিমকে : আদালতে মিনা’র স্বীকারোক্তি

মোঃ কামরুজ্জামান সেন্টু :

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মীম (২৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের অল্প সময়ের মধ্যেই তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। ওই ঘটনায় নিহতের ছোট জ্যা কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, পারিবারিক প্রতিহিংসার জেরে কাজী সুমাইয়া আক্তার মিনা নিজেই বড় জ্যা রিগান আক্তার মিমকে গলাটিপে হত্যা করেন। পরে ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে চালিয়ে দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আসামি কাজী সুমাইয়া আক্তার মিনা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামতের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like