

মেহেরপুর প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মেহেরপুরের খন্দকার পাড়াবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে খন্দকার পাড়া পাথর গেটের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
খন্দকার পাড়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আব্দুল মাবুদ নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান।

জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর থানার এসআই আজমাইন, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মিনারুল ইসলামসহ খন্দকার পাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে যুব সমাজ খেলাধুলা ছেড়ে মাদকের দিকে ঝুঁকছে। এ অবস্থা থেকে যুবকদের দূরে রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে যাতে যুব সমাজ সঠিক পথে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
সভায় খন্দকার পাড়ার স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।

















