মাদক ছেড়ে দাও, ভালোবাসবো তোমায়

ক্ষুদীরাম দাস

ফিরে এসো তুমি চেনা আলোটাতে, বিষাক্ত রাত ফেলে,
নতুন করে তোমায় জড়াবো, বুকের প্রদীপ জ্বেলে|
যে পথে হেঁটেছ একাকী এযাবৎ, সে পথ বড়ই অন্ধকার,
হাতটা বাড়াও, মুক্ত বাতাসে করব আবার অভিসার|

নিকোটিন আর ওই বিষের নেশায় হারিয়েছো নিজেরে,
একবার শুধু চেয়ে দেখো তুমি, কে বসে আছে দুয়ারে!
মাদক তোমাকে নিঃশেষ করে, কেড়ে নেয় সব হাসি,
সব ছেড়ে তুমি ফিরে এসো প্রিয়, আমি তোমায় ভালোবাসি|

চোখের নিচে ওই কালচে দাগ, ক্লান্ত অবশ কায়া,
তার চেয়ে ঢের সুন্দর জেনো, আমার প্রেমের ছায়া|
নেশার ঘোরে যে জগত গড়েছ, তা তো কেবলই ফাঁকি,
তোমার ফেরার অপেক্ষায় দেখো, চেয়ে আছে দুটি আঁখি|

ছেঁড়ো না জীবন এভাবে অকালে, এখনো যে পথ বাকি,
সুখের ছোঁয়ায় রাঙাবো তোমায়, দেবো না তো কোনো ফাঁকি|
ভুলগুলো সব পেছনে ফেলে, বাঁধো নতুন এক গান,
সুস্থ জীবনে ফিরে এসো তবে, জুড়াবে এ পরান|

মাদক ছেড়ে দাও, ভালোবাসবো তোমায়—কথা দিলাম আমি,
বিষের চেয়েও এই জীবনে, তোমার হাসিটা অনেক দামি|

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy