সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মোইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাঁকডাঙ্গা, মাদরা ও চান্দুরিড়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের মূল্য ১০ লাখ ১১ হাজার ১শ’ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেলতলা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চান্দামাঠ নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লাখ ১১ হাজার ১০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy