চাঁদপুর পৌরসভায় ভুয়া অটো লাইসেন্স ভাড়া দেওয়া সক্রিয় একটি চক্র

সজীব খান :

চাঁদপুর পৌরসভায় অটোরিকশার লাইসেন্সকে কেন্দ্র করে অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র একই লাইসেন্সের একাধিক কপি ব্যবহার করে বিভিন্ন অটোরিকশা চালকের কাছে ভাড়ায় দিয়ে প্রতিদিন অর্থ আদায় করছে। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের কারণে একদিকে যেমন চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পৌরসভার রাজস্ব ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চাঁদপুর পৌরসভা থেকে নতুন অটোরিকশার লাইসেন্স ইস্যু বন্ধ রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র প্রতিদিন দেড়শ থেকে ২০০ টাকার বিনিময়ে লাইসেন্স ভাড়া দিচ্ছে। অভিযোগ অনুযায়ী, একই লাইসেন্সের একাধিক ফটোকপি ব্যবহার করে বিভিন্ন অটোরিকশা শহরে চলাচল করছে।

এদিকে চাঁদপুর শহরকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করলেও অবৈধভাবে পরিচালিত অটোরিকশার কারণে সেই উদ্যোগ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভাগুলোতে শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হলেও শহরতলীর অটোরিকশাগুলো ভাড়ায় নেওয়া লাইসেন্স ব্যবহার করে শহরে প্রবেশ করে চলাচল করছে। এতে যানজট ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেওয়া উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
একাধিক অটোরিকশা চালক জানান, একই লাইসেন্সের একাধিক কপি ব্যবহারের কারণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সময় তারা হয়রানির শিকার হন। পাশাপাশি প্রকৃত লাইসেন্সধারীরাও নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি, এই অবৈধ বাণিজ্যের ফলে পৌরসভার সম্ভাব্য রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অবৈধ লাইসেন্স ভাড়া বাণিজ্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে এই চক্র আরও সক্রিয় হয়ে পরিস্থিতিকে জটিল করে তুলবে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like