রায়পুরে গৃহবধূকে ডিভোর্স দিতে গেলে কাবিনের টাকা দিতে হবে তাই হত্যা করে, আত্মহত্যার নাটক সাজানোর দাবি পরিবারের

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে শিরিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বশির পাটোয়ারীর বিরুদ্ধে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর পৌর শহরের নতুন বাজার – মহিলা কলেজ সংলগ্ন ‘হানিমুন ভবন’ এর পাশে তাদের নিজস্ব বাসভবনে এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহতের মেয়ে রিমা বলেন, বাবা পরকীয়ায় আসক্ত, আম্মুকে ডিভোর্স দিতে গেলে কাবিনর টাকা দিতে হবে, তাই সে আম্মুকে হত্যার করেছে।

নিহতের ভাই রাকিবুল হাসান ক্ষোভ ও বিচার দাবি করে বলেন, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

নিহতের বোন শারমিন আক্তার জানান, বিয়ের সময় বশিরকে যৌতুক হিসেবে নগদ দুই লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও তার লোভ কমেনি। সে আরও যৌতুকের দাবিতে প্রায়শই শিরিনকে মানসিক ও শারীরিকভাবে চরম নির্যাতন করতো।

পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই মো. রহিম পাটোয়ারী বলেন, “যৌতুকের টাকা ও নির্যাতন নিয়ে এ যাবৎকাল পর্যন্ত এলাকায় অন্তত ১৯ বার গ্রাম্য শালিস-বৈঠক হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে থানায় পর্যন্ত অভিযোগ করা হয়েছিল। বশির যে টাকার জন্য প্রায়ই শিরিনকে অমানুষিক নির্যাতন করতো, তা সবারই জানা।”

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত বশির পাটোয়ারী এলাকায় একজন উগ্র মেজাজের মানুষ হিসেবে পরিচিত। সে প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো।

এদিকে মৃত্যুর পর শিরিন আক্তারের মরদেহ ধৌতকারী (গোসল করানো) জাহানারা বেগম জানু জানান, লাশের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, “শিরিন আক্তারের লাশ আমি নিজে গোসল করিয়েছি। তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের দাগ দেখেছি। কোনো ফাঁসি দেওয়া মানুষের শরীরে এমন আঘাতের চিহ্ন থাকার কথা নয়। এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, এটি স্পষ্ট হত্যাকাণ্ড।”

অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী বশির পাটোয়ারী। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি বিষয়টিকে স্বাভাবিক আত্মহত্যা বলে দাবি করেন।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের (পোস্টমর্টেম) রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করে সেই অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে এবং ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলন করেন।

প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like