রায়পুরে চার সন্তানসহ গৃহবধূ শাহানাজকে হত্যার চেষ্টার অভিযোগ

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের জমদ্দার বাড়িতে চার সন্তানসহ গৃহবধূ শাহানাজ বেগমকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার বড় জা সুজনা আক্তার ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ জুলাই) সকালে পারিবারিক বিরোধের জের ধরে শাহানাজের ঘরে হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তরা ঘরের মালামাল লুট করেন এবং শাহানাজ ও তার চার সন্তান—শ্রাবন্তী, আয়শা, জিহাদ ও ফাতেহাকে হত্যার হুমকি দেন।

শাহানাজ বেগম জানান, তার স্বামী আকবর হোসেনের সঙ্গে অভিযুক্ত বড় জা সুজনার অনৈতিক সম্পর্ক রয়েছে। স্বামী বর্তমানে ঢাকায় অন্যত্র বিয়ে করে পরিবারটিকে তিন বছর ধরে ভরণপোষণ দেওয়া বন্ধ রেখেছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত সুজনা এলাকায় অত্যন্ত ঝগড়াটে ও বেপরোয়া হিসেবে পরিচিত। পুলিশ তদন্তে ঘটনাস্থলে গেলে সুজনা তাদের সঙ্গেও অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করলেও স্বামী আকবর হোসেন তার স্ত্রী ও সন্তানদের অস্বীকার করেছেন।

রায়পুর থানা পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like