

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর ১৪ নম্বর ওয়ার্ড শাখার সাম্মাসিক রিপোর্ট পর্যালোচনা সভা শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় বাবুরহাটস্থ শহীদ আব্দুল মালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন, পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি ওয়ার্ড শাখার আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর শহর ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও চাঁদপুর শহর সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলমগীর বন্দুকশী-এর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আব্দুল মাজেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর অফিস সম্পাদক মোঃ ওমর ফারুক, জনাব মাহফুজুর রহমান খান, মাওলানা ওয়াহিদুল ইসলাম এবং মাওলানা নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, ২০২৬ সালের গৃহীত সাংগঠনিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য সকল পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াতি, সাংগঠনিক ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সকলকে নিষ্ঠা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভার শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে ১৪ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

















