গৃহবধূ মিম হত্যাঃ হত্যাকারীদের ফাঁসি ও অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম (২৬) হত্যা মামলায় গ্রেফতার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার (২৩) ফাঁসি এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করেন।

মানববন্ধনে নিহত রিগান আক্তার মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। ওই সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন, নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. নুরুল হক, বাত্ত্বলা গ্রামের মো. ফরহাদ, মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের দাবি, ঘটনার রাতে স্থানীয় লোকজন ওই দুই ব্যক্তিকে এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, গ্রেফতার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুর বাড়ির কয়েকজন সদস্য তৎপরতা চালাচ্ছেন। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্ত্বলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ জানায়, তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

প্রকাশিত : রোববার, ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy