যশোর জিলা স্কুলের ৪ ছাত্রের বিরুদ্ধে চুরির মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

এআই প্রতীকী ছবি

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি:

যশোর জিলা স্কুলের দশম শ্রেণির চার শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা চুরির মামলা নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া ধ্বংসের চেষ্টা চলছে।

মামলার বিবরণ অনুযায়ী, শহরের শংকরপুর এলাকার এক বাসিন্দা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলা নং- ০৬, তারিখ- ০৩/০৭/২০২৬, জি আর ৫৫৫/২৬, ধারা ৩৮০। এতে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার ও ২১ হাজার টাকা চুরির অভিযোগ আনা হয়েছে। ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ২৫ মার্চ।

অভিভাবকদের ভাষ্যমতে, বাদীর ছেলে ওই চার শিক্ষার্থীর সহপাঠী ও বন্ধু। অথচ মামলায় বাদীর ছেলেকে আসামি বা সাক্ষী কোনো তালিকাতেই রাখা হয়নি, যা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের আরও দাবি, গহনা ক্রয়ের কোনো রশিদ মামলায় জমা দেওয়া হয়নি।

অভিভাবকদের অভিযোগ, গত ১৭ জুলাই বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে তড়িঘড়ি করে মামলা রেকর্ড করা হয়। তাদের দাবি অনুযায়ী, দুই শিক্ষার্থীকে বাড়ি থেকে থানায় ডেকে এনে ছেড়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পরও আদালতে চালান দেওয়া হয়েছে। এ কারণে ওই দুই শিক্ষার্থী এসএসসির টেস্ট পরীক্ষার দুটি বিষয়ে অংশ নিতে পারেনি। এক অভিভাবকের কাছে দেড় লাখ টাকা দাবি এবং অন্য একজনের কাছ থেকে ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগও তারা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি মডেল থানার এক উপ-পরিদর্শকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি থানার বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

যশোর জিলা স্কুল সাপ্তাহিক ছুটি থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসকের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিভাবকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার দাবি জানিয়েছেন।

প্রকাশিত : রোববার, ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy