

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার মোঃ মোশাররফ হোসেন পাটওয়ারী।

তিনি গ্রামীণ ব্যাংক কুমিল্লা জোনের কসবা-মোগড়া (আখাউড়া) শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
গত ১২ জুলাই (রবিবার) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক স্বাক্ষরিত চিঠিতে এই এডহক কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। (স্মারক নম্বর: ২.৩৭.১৩.০০০০০.২১২.২২.৩৫.২৬.৮৫৭৮)।
বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মোশাররফ হোসেন পাটওয়ারী চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বার্তায় নবগঠিত এডহক কমিটির সভাপতি মোশাররফ হোসেন পাটওয়ারী বলেন, “এই দায়িত্ব আমার জন্য এক বিশাল সম্মান ও গভীর দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই।” তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
শিক্ষা বিস্তারে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, মোঃ মোশাররফ হোসেন পাটওয়ারী নিজ এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি ২০১৭ সালে তাঁর বাবার নামে ‘হাজী সিরাজুল ইসলাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি মধ্য সেনগাঁও পাটওয়ারী বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং সেনগাঁও তরুণ সংঘের উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

















