চাঁদপুরে কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ মোটরযান অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, বীমা, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্য, বৈধ কাগজপত্র না থাকা, হেলমেট ব্যবহার না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া চালকদের ট্রাফিক আইন মেনে চলা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
চাঁদপুর সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) প্রবীর দাস জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ট্রাফিক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি যান চলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়কে চলাচলকারী সকল চালক ও যাত্রীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy