শিক্ষার্থীদের যাতায়াতে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের কাছে নৌকাগুলো বুঝিয়ে দেন।

হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘব এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতেই এমপি কামরুজ্জামান কামরুল তাঁর ব্যক্তিগত অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করেন।

নৌকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

যেসব বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে সেগুলো হলো: সালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইটাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলুমা মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়ায়াদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর সিংহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিতাস রায় বলেন,শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া সহজ করবে এবং ঝরে পড়ার হার কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে নৌকাগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে এবং শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy